
দই খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। নিয়মিত ভাবে টকদই খেতে পারলে ওজন থাকবে নিয়ন্ত্রণে। সেই সঙ্গে ত্বক-চুল সব খুব ভালো থাকবে। সেই সঙ্গে দূর হবে অন্যান্য শারীরিক সমস্যাও। শীতের দিনে দই একটু কম খাওয়া হলেও গরমের দিনে অধিকাংশই দুপুরের খাবার খেয়ে বাড়িতে দই খান। গরম লুয়ের হাত থেকে রক্ষা পেতে সাহায্য করে এই টকদই। এছাড়াও টকদইয়ের মধ্যে রয়েছে হাজারো উপকারিতা। দইয়ের রয়েছে হাজারো উপকারিতা। কিন্তু তা সত্ত্বেও দই খেতে হলে মেনে চলতে হবে কিছু নিয়ম। নইলে বিপদ বাড়বে বই কমবে না।
দই গরম করে খাবেন না
দই ঠাণ্ডা খাবার তাই কখনও সেটা গরম করে খাবেন না। তাই সাধারণ তাপমাত্রায় থাকা দই খান বা দই ঠাণ্ডা করে খান। অনেক রান্নাতেই দই ব্যবহার করা হয়। তবে দই দিয়ে তৈরি রান্না বেশিবার গরম করলে তার খাদ্যগুণ কিন্তু নষ্ট হয়ে যায়। ফলে তা শরীরের ক্ষতি করে।
সর্দি-কাশিতে দই একেবারেই নয়
সর্দি, কাশি, কফের সমস্যা লেগে থাকলে একেবারেই দই খাবেন না। এতে কফ, সর্দি আরও অনেক বেশি বসে যায়। আর তাই দই এড়িয়ে চলুন। এতে হিতে বিপরীত হতে পারে।
রাতে দই খাবেন না
দিনের সময় দই না খেয়ে অনেকেই রাতে দই খান। কিন্তু এতে কফের সমস্যা বাড়তে পারে। প্রয়োজনে বাটার মিল্ক খেতে পারেন। বাটার মিল্কের মধ্যে ভাজা জিরে গুঁড়ো, সামান্য নুন আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেলে শরীরের অনেক উপকার হবে। এছাড়াও রোজ দই খেতে হবে এরকমও নয়।
আরও পড়ুন: রাতে খান এক গ্লাস গরম জল, কয়েকদিনেই কমবে ওজন, উধাও হবে পেটের চর্বি
ফলের সঙ্গে দই মিশিয়ে খাবেন না
ফলের সঙ্গে দই না মিশিয়ে খেলেই ভাল। দই, চিঁড়ের সঙ্গে কলা দিয়ে খেতে পারেন। ওটস বা মুজলির সঙ্গেও টকদই দিয়ে খেতে পারেন। কিন্তু খালি পেটে টকদই এর সঙ্গে ফল মিশিয়ে না খেলেই ভাল। এতে বিপাকে সমস্যা হয়, অ্যালার্জির সমস্যাও হতে পারে।
মাছ-মাংসের সঙ্গে দই খাবেন না
দই মাছ কিংবা দই মাংস হলে তার সঙ্গে শেষপাতে দই একেবারেই খাবেন না। এছাড়াও মাটন খেলে সঙ্গে দই একেবারেই নয়। অনেক বাড়িতেই পঞ্চব্যাঞ্জনের সঙ্গে দই দেওয়া হয়। যা ঠিক নয়। এতে শরীরের ক্ষতি হবে।