Advertisement

শিক্ষা-দীক্ষা

New Labour Code 2025 India: প্রাইভেট জব করলে জেনে নিন নতুন শ্রম আইন, না জানলে অধিকার হারাবেন

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 14 Apr 2026,
  • Updated 5:41 PM IST
  • 1/9

এতদিন অনেক সংস্থাই মৌখিক প্রতিশ্রুতি দিয়ে কাজ করিয়ে নিত। কিন্তু নতুন নিয়মে ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’ বা নিয়োগপত্র দেওয়া বাধ্যতামূলক। আপনার বেতন কত, পদ কী এবং কাজের শর্ত ঠিক কী কী, সবটা লিখিত বা ডিজিটাল ফরম্যাটে থাকতে হবে। নিয়োগপত্র ছাড়া কাজ করানো এখন দণ্ডনীয় অপরাধ।

  • 2/9

ফাইল ও হাতের বেতনে আকাশ-পাতাল তফাৎ
নয়ডা বা ফরিদাবাদে ইদানীং বড় আন্দোলন দানা বেঁধেছে। অভিযোগ মারাত্মক, ফাইলে কর্মীদের বেতন ২৫ হাজার টাকা দেখানো হলেও হাতে দেওয়া হয় মাত্র ১০ হাজার। এই বেতন-শোষণ রুখতেই নতুন আইনে কড়া সাজার বিধান রাখা হয়েছে। লুকোছাপা করে কর্মীদের ঠকানো এখন আর সহজ হবে না।

  • 3/9

সমান কাজে সমান বেতন
লিঙ্গবৈষম্য ঘোচাতে এবার বদ্ধপরিকর কেন্দ্র। একই কাজ করলে পুরুষ এবং মহিলা, উভয়কেই সমান বেতন দিতে হবে। বেতন নির্ধারণে লিঙ্গভেদে কোনও রকম কারচুপি করা হলে কোম্পানিকে আইনি মারপ্যাঁচের মুখে পড়তে হবে। সামাজিক সাম্যের ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ।

  • 4/9

২৯টি পুরনো শ্রম আইন বিসর্জন
বিগত কয়েক দশকের পুরনো এবং ঘুণ ধরা ২৯টি শ্রম আইনকে বাতিল করে এই চারটি নতুন লেবার কোড আনা হয়েছে। এর ফলে সারা দেশের প্রায় ৪০ কোটি অসংগঠিত ও সংগঠিত ক্ষেত্রের শ্রমিকের ভাগ্যবদল হতে পারে বলে মনে করা হচ্ছে। এতে শিল্প সম্পর্কের পাশাপাশি সামাজিক সুরক্ষাতেও জোর দেওয়া হয়েছে।

  • 5/9

চাকরি গেলে দু’দিনেই ফয়সালা
বেসরকারি ক্ষেত্রে চাকরি যাওয়া এখন জলভাত। কিন্তু কষ্টের টাকা আদায় করতে কর্মীদের জুতোর তলা ক্ষয় হয়ে যেত। নতুন নিয়মে স্পষ্ট বলা হয়েছে, চাকরি যাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে বা মাত্র ২ দিনের মাথায় কর্মীকে তাঁর সমস্ত বকেয়া বেতন এবং অ্যালাউন্স মিটিয়ে দিতে হবে।

  • 6/9

সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক সুরক্ষা
শুধু বড় বাবুরাই নন, এবার সুবিধা পাবেন গিগ ওয়ার্কার (যেমন ডেলিভারি বয় বা ফ্রিল্যান্সার) এবং চুক্তিভিত্তিক কর্মীরাও। পিএফ (PF), গ্র্যাচুইটি এবং ছুটির নিয়মে আমূল বদল আনা হয়েছে। বিশেষ করে মহিলাদের সামাজিক সুরক্ষার কথা মাথায় রেখে একগুচ্ছ সুযোগ-সুবিধার ডালি সাজানো হয়েছে নতুন কোডে।

  • 7/9

কাজের ঘণ্টা ও ছুটির মেজাজ
কাজের চাপে জীবন ওষ্ঠাগত? নতুন আইনে দিনে সর্বোচ্চ ১২ ঘণ্টা ডিউটির সংস্থান থাকলেও রয়েছে বড় চমক। যদি কোনও সংস্থা দিনে ১২ ঘণ্টা কাজ করায়, তবে সপ্তাহে ৪ দিন কাজের পর ৩ দিন ছুটি দিতে হবে। ওভারটাইমের ঊর্ধ্বসীমাও বাড়ানো হয়েছে ত্রৈমাসিকে ১২৫ ঘণ্টা পর্যন্ত।

  • 8/9

আইনি অস্ত্র এখন শ্রমিকের হাতে
নয়ডার মতো শিল্পাঞ্চলে যে আন্দোলন চলছে, তার মূল হাতিয়ার হতে চলেছে এই নতুন আইন। নিয়োগকর্তাদের একাধিপত্য খর্ব করে কর্মীদের হাতে আইনি সুরক্ষা তুলে দেওয়াই এর লক্ষ্য। শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এখন স্রেফ সাহসের সঙ্গে আইনের ধারাগুলো জেনে রাখা দরকার।

 

  • 9/9

শেষ কথা বলবে সময়
সব নিয়মই খাতায়-কলমে ভালো দেখায়, কিন্তু বাস্তবে তার প্রয়োগ কতটা? নয়ডা-ফরিবাদের আন্দোলনকারীরা বলছেন, অধিকার বুঝে নিতে তাঁরা প্রস্তুত। তবে নতুন এই শ্রম বিধি কি সত্যিই সাধারণ চাকুরিজীবীদের জীবনযাত্রার মান বাড়াবে? উত্তর লুকিয়ে আছে ২০২৬-এর ইভিএম আর বাজারের শিল্পতালুকগুলোর অন্দরে।

Advertisement
Advertisement