Advertisement

কুমারগঞ্জে বিজেপি প্রার্থীকে মারধরে ৫ গ্রেফতার, তড়িঘড়ি অ্যাকশন কমিশনের

ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসার পরই কড়া অবস্থান নেয় নির্বাচন কমিশন। ফুটেজে যাঁদের মারধর করতে দেখা গিয়েছে, তাঁদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। নির্দেশ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে কমিশন এবং প্রার্থীদের নিরাপত্তায় কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও জানিয়ে দিয়েছে।

ভিডিও থেকে নেওয়া ছবিভিডিও থেকে নেওয়া ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Apr 2026,
  • अपडेटेड 4:27 PM IST
  • ভোটের প্রথম দফাতেই বড় পদক্ষেপ, দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে প্রার্থী নিগ্রহের ঘটনায় গ্রেফতার হল পাঁচজন।
  • অভিযোগ, বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে প্রকাশ্যে মারধরের ভিডিও সামনে আসতেই তৎপর হয় প্রশাসন।

ভোটের প্রথম দফাতেই বড় পদক্ষেপ, দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে প্রার্থী নিগ্রহের ঘটনায় গ্রেফতার হল পাঁচজন। অভিযোগ, বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে প্রকাশ্যে মারধরের ভিডিও সামনে আসতেই তৎপর হয় প্রশাসন। নির্বাচন কমিশনের নির্দেশে দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়, যা চলতি নির্বাচনে প্রার্থীর ওপর হামলার ঘটনায় প্রথম বড় আইনি পদক্ষেপ।

ঘটনাটি ঘটে কুমারগঞ্জের ২৪ নম্বর বুথ এলাকায়। অভিযোগ ছিল, বিজেপির পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়া হচ্ছিল। সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন প্রার্থী শুভেন্দু সরকার। অভিযোগ, তাঁকে ঘিরে ধরে উত্তেজিত জনতা গাড়ি থেকে নামিয়ে মারধর করে এবং গাড়িতে ভাঙচুর চালায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসার পরই কড়া অবস্থান নেয় নির্বাচন কমিশন। ফুটেজে যাঁদের মারধর করতে দেখা গিয়েছে, তাঁদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। নির্দেশ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে কমিশন এবং প্রার্থীদের নিরাপত্তায় কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও জানিয়ে দিয়েছে।

এই ঘটনার পর কুমারগঞ্জে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত এলাকায় মোতায়েন করা হয়েছে কুইক রেসপন্স টিম এবং বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল। গোটা এলাকা এখন প্রশাসনের কড়া নজরদারিতে।

শুধু কুমারগঞ্জ নয়, রাজ্যের অন্যত্রও অশান্তির খবর মিলেছে। বীরভূমের লাভপুরে বিজেপির এক পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে, অন্যদিকে কোচবিহারের মাথাভাঙায় টাকা বিলির অভিযোগ ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে।

তবে এই অশান্তির মাঝেও ভোটারদের উৎসাহে ভাটা পড়েনি। বেলা ৩টে পর্যন্ত রাজ্যে গড়ে প্রায় ৭৯ শতাংশ ভোট পড়েছে। তীব্র গরম ও উত্তেজনার আবহে জমে উঠেছে প্রথম দফার নির্বাচন। কুমারগঞ্জে দ্রুত গ্রেফতারি নিঃসন্দেহে বাকি দফাগুলির আগে প্রশাসনের কড়া বার্তা হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।

 

Read more!
Advertisement
Advertisement