
গোটা রাজ্যে বিজেপি ঝড়। এমন পরিস্থিতিতে সবার নজর রয়েছে হাই প্রোফাইল ভবানীপুর কেন্দ্রে। এই সিটে লড়ছেন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির শুভেন্দু অধিকারী। আর আপাতত সেই কেন্দ্রে ভোটগণনা বন্ধ রয়েছে বলে খবর মিলেছে।
এ দিন দুপুরেই সরগরম হয়ে ওঠে শাখাওয়াত মেমোরিয়াল হাইস্কুল। সোমবার দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছে যান। সেই সময় থেকেই বন্ধ কাউন্টিং বলে জানা যাচ্ছে।
নির্বাচন কমিশনের সাইট জানাচ্ছে, ভবানীপুরে ১৩ রাউন্ডের পর থমকে গিয়েছে কাউন্টিং। সেখানে মাত্র ৫৩৪৯ ভোটে এগিয়ে রয়েছেন মমতা। পিছিয়ে রয়েছেন শুভেন্দু। তারপর একবারেই বন্ধ রয়েছে কাউন্টিং। আর এই ঘটনার দিকেই এখন নজর রয়েছে রাজ্য রাজনীতির।
কী ঘটেছে আজ?
এ দিন বিকেল পৌনে ৪টে নাগাদ শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রে যান মমতা। তাঁর গাড়ি সেখানে পৌঁছতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তাঁকে 'চোর চোর' স্লোগান দেওয়া হয়। এমন অবস্থায় ক্রমশই উত্তপ্ত হয়ে যায় এলাকা। এরপরই গণনাকেন্দ্রের বাইরে কেন্দ্রীয় বাহিনী বাড়ানো হয়।
ও দিকে আবার মমতার পরই সেখানে পৌঁছন শুভেন্দু অধিকারী। এমন পরিস্থিতিতে গণনাকেন্দ্রের ভিতর মোবাইল ফোন নিয়ে যাওয়ায় কারণে মমতা ও শুভেন্দুর ফোন বাজেয়াপ্ত করে নেওয়া হয়। ও দিকে শাখাওয়াতের বাইরে উত্তপ্ত বাক্য বিনিময় চলতে থাকে BJP ও TMC-র এজেন্টদের মধ্যে।
আর শেষ খবর অনুযায়ী, এখনও পরিস্থিতি উত্তপ্ত। গণনাকেন্দ্রের বাইরে রয়েছে বিজেপি ও তৃণমূল দুই পক্ষই। গণনা এখনও শুরু হয়নি। তাই কখন যে এই সিটের ফলাফল সামনে আসবে, সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এখনও এগিয়ে রয়েছে তৃণমূল। তবে ফলাফল যে কোনও সময় ঘুরে যেতে পারে বলে দাবি করছে বিজেপি। এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে যায়।
অন্যদিকে, সোমবার দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় হেস্টিংসের গণনাকেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন। সেখানে বেহালা পশ্চিম, বেহালা পূর্ব সহ দক্ষিণ ২৪ পরগনার একাধিক কেন্দ্রের গণনা চলছে। কিন্তু প্রার্থী না হওয়া সত্ত্বেও তিনি সেখানে উপস্থিত থাকায় তাঁকে বেরিয়ে যেতে বলে নির্বাচন কমিশন।
আজ অভিষেক বলেন, 'আগে মানুষের রায় সম্পূর্ণ হোক, তারপর নিশ্চিত ভাবে পর্যালোচনা হবে, কী খামতি রয়েছে, তা খতিয়ে দেখা হবে।' তবে অনেক জায়গায় সঠিক ভাবে গণনা হচ্ছে না বলে অভিষেকের দাবি। ডিজে বাজানোর প্রশ্নে তিনি বলেন, 'যারা বলেছিল, উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে, তাদের সংস্কৃতি বাংলা দেখছে।'