
News Wrap 15th November: শহর, রাজ্য, দেশ তথা বিশ্বজুড়ে দিনভর ঘটে চলেছে বিভিন্ন ঘটনা ও দুর্ঘটনা। রাজনীতি থেকে অর্থনীতি, বিনোদন, থেকে লাইফস্টাইল বা খেলার দুনিয়া, সর্বক্ষেত্রেই খবরের ছড়াছড়ি। তারমধ্যে থেকেই বাছাই করা কিছু খবর আমরা জানাবো আপনাকে। দেখে নিন আজকের সেরা খবরগুলি এক নজরে।
১. ঝাড়গ্রাম সফরে গিয়ে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বেলপাহাড়িতে বিরসা মুন্ডার জন্মজয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে কেন্দ্রকে জোরালো আক্রমণ করেন। কেন্দ্র একশো দিনের টাকা দিচ্ছে না, জিএসটির টাকা নিয়ে যাচ্ছে, সাধারণ মানুষকে বঞ্চনা করা হচ্ছে বলে তোপ দাগেন।
২. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরির করা মন্তব্যকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে কোনও কোনওমহলে প্রশ্ন উঠছে, কেন শুধুমাত্র অখিল গিরির মন্তব্যের সমালোচনা করেই থেমে গেল তৃণমূল? কেন তাঁর বিরুদ্ধে দল ও সরকারের তরফ থেকে কোনও কঠোর ব্যবস্থা নেওয়া হল না? এক্ষেত্রে রাজনৈতিকমহলের একটা অংশ মনে করছে, সামনেই পঞ্চায়েত ভোট।
৩. এসএসসি নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রসন্ন রায়ের বাড়ি থেকে বিজেপি নেতা দিলীপ ঘোষের বাড়ির দলিল উদ্ধার হয়েছে বলে দাবি করেছে তৃণমূল। সেজন্য দিলীপ ঘোষকে গ্রেফতারের দাবিও জানানো হয়েছে। এবার তা নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দিলীপ ঘোষকে গ্রেফতারের দাবি জানালেন তিনি। আর তা করতে গিয়েই হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম করেন। তোলেন প্রশ্নও।
৪. ঝাড়গ্রামের বেলপাহাড়ির আদিবাসীদের ক্ষোভের মুখে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলসঙ্কট, মাথা গোঁজার উপযুক্ত ঠাঁইয়ের অভাব। এসব অভিযোগই তুলে ধরেন গ্রামবাসীরা।
৫. ফের আইনি জট! নিয়োগকাণ্ডে প্রতিমুহূর্তে হোঁচট খেতে হচ্ছে এসএসসি-কে। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। দু’দিনের নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু আজ, মঙ্গলবার হাইকোর্টের নির্দেশ, এসএসসি কোনও চাকরিপ্রার্থীকে সুপারিশপত্র দিতে পারবে না।
৬. অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অভিনেত্রী এখনও ভেন্টিলেটরে আছে। যে সব মেডিসিন চলছিল সেগুলোই চলছে এখনও। একটা সেকেন্ডারি ইনফেকশন আছে। আগে সেই ইনফেকশন কমে গেছিল। তবে এখন আবার সেটা বেড়েছে। জ্বর এসেছে। সেপসিস রয়েছে। যা বেশ উদ্বেগের।
৭. পঞ্চায়েত ভোট লুঠ হলে ব্যালট বক্স নিয়ে পুকুরে ফেলার নিদান দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বাঁকুড়ার রাইপুরে সভা ছিল তাঁর। সভামঞ্চ থেকেই এই মন্তব্য করেন তিনি। উপস্থিত লোকজনের উদ্দেশে শুভেন্দু বলেন, পঞ্চায়েতে ভোট লুঠ হলে বাক্স ধরবেন আর পুকুরে ফেলবেন।
৮. বীরভূমের সাঁইথিয়ায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবারও থমথমে গ্রাম। গোটা গ্রাম পুরুষ শূন্য। নতুন করে অশান্তির আশঙ্কায় সন্তানদের নিয়ে ঘর ছাড়তে শুরু করেছেন গ্রামের মহিলারাও। বোমাবাজির জায়গায় এখনও পড়ে রয়েছে চাপ চাপ রক্তের দাগ।
৯. দিল্লিতে বান্ধবী শ্রদ্ধা ওয়াকারকে খুন করে দেহ ৩৫ টুকরো করে ফ্রিজে রেখে দিয়েছিল আফতাব। পুলিশকে আফতাব জানিয়েছে, ১৮ মে বান্ধবী শ্রদ্ধাকে সে গলা টিপে খুন করে। তারপর তিন মাস ধরে লাশ পিস পিস করে কেটে প্রতিদিন মাঝরাতে দিল্লির বিভিন্ন এলাকায় ঝোপঝাড়ে ফেলে আসে। শ্রদ্ধাকে খুনের দু মাস পর সে আবার ডেটিং অ্যাপে অ্যাক্টিভ হয়। সেখানে আরও একটি মেয়ের সঙ্গে চ্যাট শুরু করে সে।
১০. ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ১৫ নভেম্বর, মঙ্গলবার ফ্র্যাঞ্চাইজিগুলি রিটেনশন এবং ট্রেডিংয়ের সময়সীমা শেষ হওয়ার পরে খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা ঘোষণা করেছে। আইপিএল ২০২৩-এর জন্য ধরে রাখা এবং ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা ছিল সুস্পষ্ট।