
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পয়লা বৈশাখের আগেই বাংলায় জোরদার নির্বাচনী প্রচারে নামছেন। সূত্রের খবর, একদিনে তিনটি জনসভা করার কর্মসূচি নিয়ে টানা রাজ্য সফরে থাকবেন তিনি। আগামী ৯ এপ্রিল আসানসোল, হলদিয়া ও সিউড়িতে তাঁর জনসভা হওয়ার কথা রয়েছে।
এরপরও থামছেন না তিনি। ১১ এপ্রিল জঙ্গিপুর, কাটোয়া ও বালুরঘাটে পরপর সভা করবেন প্রধানমন্ত্রী। সেদিন রাতেই তিনি শিলিগুড়ি পৌঁছবেন এবং সেখানেই রাত্রিবাস করবেন। পরদিন, ১২ এপ্রিল শিলিগুড়িতে একটি রোড শো করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ, টানা দু’দিন ধরে বাংলাতেই নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকবেন তিনি।
হলদিয়ার সভাটি মূলত নন্দীগ্রামের প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে করা হবে। জানা যাচ্ছে, এবারের বিধানসভা নির্বাচনে অন্তত ১৪টি জনসভা করার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একাধিক সভা করার কথা রয়েছে।
দলীয় সূত্রে খবর, এখনও একটি আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে বিজেপির। সেটি সম্পন্ন হয়ে গেলে এবং ৯ এপ্রিল মনোনয়ন প্রক্রিয়া শেষ হলেই প্রকাশ করা হবে দলের ইস্তেহার বা ‘সংকল্প পত্র’। সেই কর্মসূচিতে দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, এর আগে কোচবিহারের জনসভা থেকেই আক্রমণাত্মক সুরে শাসকদলকে নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী। অনুপ্রবেশ, জনবিন্যাস ও রাজনৈতিক বিভাজনের মতো ইস্যু তুলে ধরেছিলেন তিনি। রাজনৈতিক মহলের একাংশের মতে, আসন্ন এই রাজ্য সফরেও সেই একই সুর বজায় রেখে প্রচার চালাবেন প্রধানমন্ত্রী।