অনেকেই বাড়ি কেনার জন্য হোম লোন নেওয়ার পরিকল্পনা করেন। কারণ আজকের দিনে দাঁড়িয়ে কোনও মধ্যবিত্ত মানুষের পক্ষে টাকা জমিয়ে বাড়ি কেনা কার্যত দুঃসাধ্য। হোম লোন নেওয়া খুব কষ্টকর না হলেও, হোম লোন মেটানো কিন্তু বড় শক্ত কাজ। অনেক সময় দেখা যায়, বহু মানুষ ঋণের EMI পরিশোধ করতে দেরি করেন। কিন্ত এরফলে একাধিক বিপদ হতে পারে।
প্রথমবার যখন কোনও ব্যক্তি হোম লোনের EMI দিতে দেরি করেন তখন কিছুই বোঝা যায় না। শুধু ব্যাঙ্কের তরফে একটি SMS আসে, যেখানে বলা থাকে আপনার এই পরিমাণ অর্থ দেরিতে জমা হয়েছে বা বকেয়া রয়েছে। এমন পরিস্থিতিতে বহু মানুষ ওই SMS বা মেইল এড়িয়ে যান।
কিন্তু যদি কোনও ব্যক্তি দীর্ঘদিন গৃহ ঋণের ইএমআই পরিশোধ করতে দেরি করেন, তাহলে বেশ কিছু আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে। যে সমস্যা একটি সাধারণ টেক্সট মেসেজ দিয়ে যা শুরু হয়েছিল তা আইনি পদক্ষেপে পরিণত হতে পারে।
টানা তৃতীয়বার কোনও ব্যক্তি EMI দিতে দেরি করলে বা EMI না দিলে ব্যাঙ্ক ওই সম্পত্তিকে নন-পারফর্মিং অ্যাসেট হিসেবে ধরে নিতে পারে। ব্যাঙ্কগুলি এক্ষেত্রে ওই ব্যক্তির বিরুদ্ধে নোটিশও জারি করতে পারে। বা বাড়ি বিক্রির জন্য আইনি পথেও যেতে পারে।
EMI পেমেন্ট দেরি হতে শুরু করলে ক্রেডিট রেটিংয়েও বিধ্বংসী প্রভাব পড়ে। ব্যাঙ্ক একবার ক্রেডিট কোম্পানিগুলিকে 'ডিফল্ট' সম্পর্কে জানালে ক্রেডিট প্রোফাইল উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়। এটি ভবিষ্যতে ঋণ পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়।
ক্রেডিট স্কোর খারাপ হওয়া ছাড়াও ছাড়াও, ঋণগ্রাহক আরও অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। এমতবস্থায় অনেক ক্ষেত্রেই সুদ এবং জরিমানার চার্জ বৃদ্ধি পায়।