
West Bengal weather today: বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের দ্বিতীয় দফার দিনে আবহাওয়ার বড় আপডেট। আলিপুর আবহাওয়া দফতরের স্পেশাল বুলেটিন অনুযায়ী, দক্ষিণবঙ্গ জুড়ে সারাদিনই আবহাওয়া অস্থির থাকতে পারে। অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া বইবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দিনের বেশিরভাগ সময় মেঘলা আকাশ থাকবে। মাঝেমধ্যে বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা-র মতো জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি হয়েছে। একই সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
এ ছাড়াও পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। অন্যদিকে পূর্ব বর্ধমান, বাঁকুড়া-সহ একাধিক জেলাতেও বজ্রঝড়ের সতর্কতা জারি রয়েছে।
আবহাওয়ার এই পরিবর্তনের নেপথ্যে একাধিক কারণ। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, উপ-হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি উত্তর হরিয়ানা থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখা বিহার, উত্তরপ্রদেশ, বাংলা ও বাংলাদেশের উপর দিয়ে গেছে। এর ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে। বঙ্গোপসাগর থেকেও প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এই সব মিলিয়ে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট জারি থাকবে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
এহেন পরিস্থিতিতে ভোটারদের অবশ্যই ছাতা নিয়ে বের হতে হবে। বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দমকা হাওয়ার কারণে গাছ ভাঙা বা বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার মতো বিপদের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে ভোট দিতে বেরোনোর আগে ছাতা নিয়েই বেরনো ভাল। বৃষ্টি ও দমকা হাওয়ার মধ্যেই বাংলায় দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলবে বলে মনে করা হচ্ছে।