
বুধবার রাতে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। প্রথম দফায় ২৮৪ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল হাত শিবির। এবার বুধবার আরও ১০ প্রার্থীর নাম প্রকাশ করেছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি।
কংগ্রেসের দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় সবথেকে উল্লেখযোগ্য নাম প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শ্রীরামপুর কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছে হাত শিবির। এছাড়াও, সাগরদিঘিতে টিকিট পেয়েছেন মনোজ চক্রবর্তী। আলিপুরদুয়ার থেকে লড়বেন মৃন্ময় সরকার, ইসলামপুরে প্রার্থী গুড্ডি রিয়াজ, গাজোলে হাত শিবিরের প্রার্থী প্রেম চৌধুরি, ফরাক্কায় লড়বেন মহম্মদ মহতাব শেখ। বেলডাঙ্গায় লড়বেন মহম্মদ সাহারুদ্দিন শেখ। বাদুরিয়ায় হাত শিবিরের প্রার্থী কাজি আবদুর রহিম। অশোকনগরে তৃণমূলের নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে লড়বেন অংশুমান রায়। পটাশপুরে প্রার্থী প্রণব কুমার মহাপাত্র।
উল্লেখ্য, শুভঙ্কর সরকারের কাছে শ্রীরামপুর চেনা জায়গা। ২০১৬ সালেও বাম-কং জোটের হয়ে এই আসনেই প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন আজকের প্রদেশ কংগ্রেস সভাপতি। ফলে এই কেন্দ্রে তাঁর সাংগঠনিক ভিত্তি এবং পরিচিতি রয়েছে, যা দলকে লড়াইয়ে বাড়তি সুবিধা দিতে পারে বলে মনে করছেন কংগ্রেস নেতৃত্ব।
কংগ্রেসের আর কোন কোন নেতারা কোন জায়গা থেকে লড়ছেন?
কংগ্রেসের চেনা মুখ হিসেবে অধীর চৌধুরী লড়ছেন নিজের গড় বহরমপুর থেকে। দীর্ঘ ৩০ বছর পর ফের একবার বিধানসভায় লড়বেন তিনি। ফলে এই আসনে কংগ্রেস কেমন ফল করে, সেদিকে নজর রয়েছে সকলের। অন্যদিকে, হাত শিবিরের আর এক বড় নাম মৌসম বেনজির নুর লড়াই করবেন মালতীপুর থেকে।
বালিগঞ্জে লড়ছেন প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের পুত্র রোহন মিত্র। এছাড়াও, এবারের নির্বাচনের হটসিট ভবানীপুরে কংগ্রেসের বাজি রয়েছেন প্রদীপ প্রসাদ। যিনি কংগ্রেসের দক্ষিণ কলকাতার জেলা সভাপতি।
উল্লেখ্য বিষয় হল, এবারের নির্বাচনে একা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। ২০১১ সাল থেকে টানা জোটসঙ্গী হিসেবেই বিধানসভা নির্বাচনে পরীক্ষা দিয়েছে হাত শিবির। কিন্তু এবার একক ভাবেই অগ্নিপরীক্ষায় নামছে কংগ্রেস।