Advertisement

বাংলাদেশ

Bangladesh Election 2026: হাসিনা-খালেদা ছাড়া প্রথম ভোট বাংলাদেশে কেমন? সব ছবিতে দেখুন

Aajtak Bangla
Aajtak Bangla
  • ঢাকা,
  • 12 Feb 2026,
  • Updated 3:34 PM IST
  • 1/16

আজ বাংলাদেশে ভোট হল। শেখ হাসিনা সরকারের পতনের পর পদ্মাপারের সিংহাসনে বসবে কে? পরবর্তী সরকার বেছে নিতে অবশেষে ভোটাধিকার প্রয়োগ করলেন  বাংলাদেশের ১২ কোটিরও বেশি মানুষ। বাংলাদেশের সময় সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টে অবধি চলে ভোটগ্রহণ। 
 

  • 2/16

২০২৪ সালের জুলাই মাসে, শেখ হাসিনা সরকারের পতনের পর, বৃহস্পতিবার প্রথম ভোটের লাইনে দাঁড়ালেন বাংলাদেশের ভোটাররা।খাতায় কলমে মোট আসন সংখ্য়া ৩০০। তবে ১ জন প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট হবে ২৯৯টি আসনে। লড়াই মূলত খালেদা-পুত্র তারেক রহমানের BNP জোটের সঙ্গে জামাত-জোটের।
 

  • 3/16

জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি বৃহস্পতিবারই জুলাই সনদ নিয়ে হয়  গণভোট। গত নভেম্বরে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ অনুযায়ী চারটি বিষয়ের উপর একটি প্রশ্নের ভিত্তিতে হল গণভোট। ফলে প্রত্য়েক ভোটারকে দু'টো করে ভোট দিতে হয়েছে। বাংলাদেশে তিরিশ বছরের বেশি সময় পর এটা প্রথম নির্বাচন, যেখানে খালেদা জিয়া ও শেখ হাসিনা নেই। খালেদা জিয়ার মৃত্য়ু হয়েছে। আর শেখ হাসিনা দেশছাড়া।

  • 4/16

এবার ৫১টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে, তবে মূল প্রতিদ্বন্দ্বিতা জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মধ্যে । 
 

  • 5/16

তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ এই নির্বাচনের তীব্র সমালোচনা করেছে। দলের তরফে দাবি, 'বাংলাদেশকে ভাঙনের হাত থেকে বাঁচাতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন করছি যে তারা যেন এই ভুয়ো নির্বাচনকে স্বীকৃতি না দেয়। নির্বাচনের পরিবেশ নৃশংস নির্যাতনের সন্ত্রাসে পরিপূর্ণ।'
 

  • 6/16

ঢাকার গুলশান ২ নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ ভোট দেন BNP-র চেয়ারপার্সন তারেক রহমান। তিনি বলেন, ‘মানুষ ভোটকেন্দ্রে এলে যে কোনও ষড়যন্ত্র ঠেকানো সম্ভব। দীর্ঘদিন বাংলাদেশের মানুষ এই দিনটির প্রত্যাশা করছিলেন। এ দিন তাঁরা ভোটের অধিকার ফেরত পেয়েছেন।’
 

  • 7/16

তারেক রহমান এবার ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি তিনি তাঁর পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন।
 

  • 8/16

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসও ভোট দেন। তিনিই শেখ হাসিনার পর সরকারের দায়িত্ব সামলেছেন। পাশাপাশি এই ভোটের দায়িত্বেও রয়েছেন তিনি।
 

  • 9/16

ঢাকার  গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনূস।

  • 10/16

ভোট দেওয়ার পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আজ থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি আমরা দিনব্যাপী। সবাই উৎসব করি এবং নিশ্চিতভাবে গণভোট দেবেন। প্রার্থীদের ভোট গুরুত্বপূর্ণ। গণভোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেওয়ার জন্য, যাতে নতুন বাংলাদেশ গড়তে পারি। আজ বাংলাদেশের সবার জন্য আনন্দের দিন। মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। ইদ মোবারক।’
 

  • 11/16

ভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য হোক এই প্রত্যাশা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার  জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোট দিয়ে তিনি সাংবাদিকদের এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
 

  • 12/16

রাজধানী ঢাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের মধ্যে আস্থা ও উৎসবের আবহ গড়ে তুলতে রাজপথে টহলে নেমেছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (DMP) ‘মাউন্টেড পুলিশ’ বা অশ্বারোহী দল। বিবিসি সূত্রে জানা গিয়েছে, টহলের জন্য ব্যবহৃত ঘোড়াগুলি ভারত (Indian Horse) থেকে আনা হয়। মোট ছ’টি ঘোড়া নিয়ে এই বিশেষ টহল ও সচেতনতামূলক প্রচার চালানো হয়। ডিএমপি-র মাউন্টেড ইউনিট চারটি পৃথক দলে ভাগ হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় নজরদারি করে। বিশেষ করে ধানমন্ডি ও সংলগ্ন এলাকায় অশ্বারোহী পুলিশের উপস্থিতি পথচারীদের নজর কেড়েছে।

  • 13/16

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বৃহস্পতিবার সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত হতে শুরু করেছেন ভোটারেরা। রাজধানী ঢাকার বিভিন্ন ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।

  • 14/16

ভোটের দিন বিক্ষিপ্ত হিংসার খাবরও পাওয়া গিয়েছে। বাংলাদেশের খুলনায় ভোটকেন্দ্রে ধস্তাধস্তির সময়ে মৃত্যু হয় এক বিএনপি নেতার। নিহতের নাম মহিবুজ্জামান কচি (৬০)। বৃহস্পতিবার সকালে তিনি ভোট দিতে গেলে, ভোটকেন্দ্রে জামায়াতে ইসলামী (যা বাংলাদেশে জামাত নামেই পরিচিত)-র কর্মী-সমর্থকদের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। অভিযোগ, সেই সময়েই জামাতের লোকেরা তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন। তাঁর মাথায় চোট লাগে। এবং, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বিএনপি নেতার। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে জামাত।

  • 15/16

গোপালগঞ্জে বোমা বিস্ফোরণের অভিযোগ ওঠে। এক ভোটকেন্দ্রের অদূরে ককটেল বোমা ফাটানোর অভিযোগ ওঠে। বিস্ফোরণে শিশু-সহ তিন জন জখম হওয়ার খবর মিলেছে।
 

  • 16/16

ভোট শুরুর কয়েক ঘণ্টা আগে বুধবার রাত থেকে গোটা বাংলাদেশ  থেকে নানা অনিয়মের অভিযোগ আসতে শুরু করে। জামাত  এবং বিএনপি (BNP) দুই দলের কর্মীদের কাছ থেকেই লাখ লাখ টাকা উদ্ধারের ঘটনা ঘটেছে। কয়েকটি জায়গায় নির্বাচন আধিকারিকদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়ায় নির্বাচন কমিশন তাদের দ্রুত সরিয়ে দেয়।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement