Advertisement

লাইফস্টাইল

Rajasthani Aloo Dum recipe in Bengali: সাদা আলু ছাড়ুন, পাঁচ মিনিটে বানান রাজস্থানি চাট আলু দম

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 12 Apr 2026,
  • Updated 11:27 PM IST
  • 1/7

ছুটির অলস সকাল হোক কিংবা অফিসের তাড়াহুড়োয় জলখাবারের থালা, লুচি বা পরোটার সঙ্গে একটু ঝালঝাল আলুর দম না হলে বাঙালির মন ঠিক ভরে না। সেই একঘেয়ে নিরামিষ আলুর দম বা দই-আলুর দমের বাইরে এবার স্বাদ বদল করতে পারেন রাজস্থানি কায়দায়।

  • 2/7

শহরবাসীর হেঁশেলে এখন রাজস্থানি স্বাদের আনাগোনা বাড়ছে। মূলত ঝাল আর টকের মিশেলে তৈরি এই পদটি যেমন চটপটে, তেমনই স্বাস্থ্যকর। সময়ও লাগে নামমাত্র। হাতে মাত্র ৫ মিনিট সময় থাকলেই এই রাজকীয় পদটি আপনি বানিয়ে ফেলতে পারেন।

  • 3/7

রান্না শুরুর আগে উপকরণগুলো হাতের কাছে গুছিয়ে নেওয়া জরুরি। ৫-৬টি বড় আলু, এক টেবিল চামচ গোটা জিরে, মৌরি, হিং, আমচুর পাউডার, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, চিলি ফ্লেক্স, হলুদ এবং এক মুঠো সতেজ ধনেপাতা কুচি। আর অবশ্যই লাগবে খাঁটি সর্ষের তেল।

  • 4/7

রান্নার শুরুতেই আলুগুলো খোসা সমেত প্রেশার কুকারে দিয়ে দিন। মনে রাখবেন, আলু যেন পুরো সেদ্ধ না হয়; ৯০ শতাংশ সেদ্ধ হলেই নামিয়ে নিন। এরপর আলুর খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে চার টুকরো করে কেটে নিতে হবে।

  • 5/7

এবার কড়াইয়ে ৪ টেবিল চামচ সর্ষের তেল গরম করুন। তেল থেকে ধোঁয়া উঠলে তাতে জিরে, মৌরি আর হিং ফোড়ন দিন। মশলার সুগন্ধ নাকে এলেই আলুর টুকরোগুলো দিয়ে দিন। নুন আর হলুদ মাখিয়ে মিনিট চারেক বেশ লাল লাল করে ভেজে নিন।

  • 6/7

আলু ভাজা হয়ে এলে তাতে সব রকম লঙ্কার গুঁড়ো, চিলি ফ্লেক্স আর আসল স্বাদ আনতে আমচুর পাউডার মেশান। সামান্য গরম জল দিয়ে কষাতে থাকুন যাতে মশলাগুলো আলুর গায়ে মখমলের মতো লেপ্টে যায়। রঙটা যখন গাঢ় লাল হয়ে আসবে, তখনই বুঝবেন কেল্লাফতে।

  • 7/7

নামানোর আগে ওপর থেকে মিহি করে কুচানো ধনেপাতা ছড়িয়ে দিন। ব্যাস, তৈরি আপনার জিভে জল আনা রাজস্থানি আলুর দম। এই ঝাল-টক পদের গন্ধে তখন গোটা পাড়া ম ম করবে, আর আপনার জলখাবারের আসরও জমে যাবে এক নিমেষে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement