ভোটের বিরাট চাপ। ছুটে বেড়াতে হচ্ছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ। ১৫ বছর ধরে তিনিই বাংলার মুখ্যমন্ত্রী। ৭৩ বছর বয়সেও তিনি সবচেয়ে ফিট নেতা নেত্রীদের মধ্যে অন্যতম। এখনও যে গতিতে মিছিলে হাটেন তিনি তার সঙ্গে পাল্লা দেওয়া প্রায় অসম্ভব হয়ে ওঠে হাঁটুর বয়সী নেতা নেত্রীদের পক্ষেও। তাঁর এই ফিটনেসের রহস্য কী? বিভিন্ন সময় নিজের জীবন নিয়ে নানা ঘটনার কথা সভা সমাবেশে বক্তব্য রাখার সময় তুলে ধরেন মমতা।
সোমবার নদীয়ার শান্তিপুরে নির্বাচনী জনসভায় বক্তৃতা রাখার সময় নিজের রুটিন ও খাদ্যাভ্যাস নিয়ে মুখ খুললেন মমতা। বিভিন্ন জায়গায় গিয়ে তাঁকে থাকতে হয়। তবে তিনি বাইরের খাবার খান না। অর্থাৎ হোটেল বা রেস্তরাঁয় খাওয়ার অভ্যেস তাঁর নেই। সেটা আরও একবার স্পষ্ট করে দিলেন মমতা।
তিনি বলেন, 'ভাত রুটি ছেড়ে দিন। ওই চিড়ে মুড়ি একটু ডাল সেদ্ধ কখনও কোনও দিন একটা ডিম সেদ্ধ পেলে খাই। এতেই দিন চলে যায়। এটা আমার অভ্যেস হয়ে গিয়েছে।'
চা খাওয়া নিয়েও মুখ খুলেছেন মমতা। এখনকার বাজারে নানা ধরণের চা পাওয়া যায়। অনেক পুষ্টিবিদ বিভিন্ন ধরণের চা খাওয়ার পরামর্শ দেন। কী ধরণের চা খান মমতা?
সভা থেকে বক্তৃতা দিতে দিতেই নিজের প্রিয় চাপের রেসিপি শেয়ার করে দিলেন মমতা। তিনি দিনে খুব বেশিবার চা খান না বলেও জানান।
মমতা বলেন, 'আমি খুব বেশি চা খাই না। সকালে একবার, আর বিকেলে একবার গ্রিন টি।' তবে প্রশ্ন হল, কীভাবে এই চা বানান ,মমতা? সেটাও জানিয়ে দিলেন এই মঞ্চ থেকেই।
'সকালের চা টা জমিয়ে খাই। একটু মধু দিই, দারচিনি, লবঙ্গ একসঙ্গে ফুটিয়ে দুই কাপ চা খাই সকালে।' এরপরেই নিজের কাজে বেরিয়ে পড়েন মমতা।
পাশাপাশি তিনি এও জানিয়ে দিলেন, ঝাল-মশলা যতটা সম্ভব এড়িয়েই চলার চেষ্টা করেন মমতা।