Advertisement

লাইফস্টাইল

Sikkim Snowfall Today Update April 2026: দক্ষিণে ভোটের উত্তাপ, এদিকে সাদা তুষারে ঢাকল সিকিম, একাধিক রাস্তা বন্ধ

Aajtak Bangla
Aajtak Bangla
  • 29 Apr 2026,
  • Updated 8:22 PM IST
  • 1/8

ক্যালেন্ডারের পাতায় বৈশাখ চলছে। সমতলে যখন সূর্যের তেজে নাভিশ্বাস ওঠার জোগাড়, ঠিক তখনই হিমালয়ের কোলে উল্টো পুরাণ। বুধবার আচমকাই সিকিমের ওপরের অংশে নামল তুষারধস। প্রকৃতির এই খামখেয়ালি মেজাজে সাময়িকভাবে থমকে গেল পর্যটন।

  • 2/8

২৯ এপ্রিল, বুধবার সকাল থেকেই উত্তর ও পূর্ব সিকিমের উঁচু এলাকাগুলিতে ভারী তুষারপাত শুরু হয়। আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে মুহূর্তের মধ্যে সাদা চাদরে ঢাকা পড়ে যায় পাহাড়ি রাস্তা। এর ফলেই বিপত্তি।

  • 3/8

সিকিমের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র নাথুলা এবং বাবা মন্দিরের রাস্তা এদিন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। পুরু বরফের স্তূপ জমে থাকায় যান চলাচল করা কার্যত অসম্ভব হয়ে পড়ে। নিরাপত্তার খাতিরেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

 

  • 4/8

পাহাড়ের বাঁকে বরফে গাড়ি পিছলে যাওয়ার আশঙ্কায় পর্যটকদের ওই এলাকায় যেতে নিষেধ করা হয়েছে। ফলে সকাল থেকে যে সমস্ত পর্যটকরা নাথুলা পাসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, তাঁদের মাঝপথ থেকেই ফিরে আসতে হচ্ছে।

  • 5/8

অন্যদিকে, সিকিমের সিল্ক রুট বা আরএন রোড সাইডে কিন্তু অন্য ছবি। পর্যটকদের জন্য এখনও অবারিত দ্বার জুলুক। সেখানে যাতায়াতে কোনও বাধা নেই। ফলে যাঁরা জুলুক বা পদমচেনের দিকে রয়েছেন, তাঁরা অনায়াসেই ভ্রমণ চালিয়ে যেতে পারছেন।

  • 6/8

তুষারপাতের খবর ছড়িয়ে পড়তেই পর্যটকদের মধ্যে এক অদ্ভুত উত্তেজনাও তৈরি হয়েছে। এপ্রিলে এমন তুষারপাত সচরাচর দেখা যায় না। অনেক পর্যটকই বলছেন, গরমের ছুটি কাটাতে এসে এমন পাওনা হবে তা তাঁরা ভাবতেই পারেননি।

  • 7/8

অবশ্য হড়পা বান বা তুষারধসের আশঙ্কায় পাহাড়ি এলাকাগুলিতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। পুলিশের বিশেষ দফতর থেকে ক্রমাগত পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। রাস্তা থেকে বরফ সরানোর কাজও দ্রুত শুরুর পরিকল্পনা রয়েছে।

  • 8/8

সব মিলিয়ে সিকিমের আবহাওয়া এখন বেশ রোমাঞ্চকর। নাথুলা বন্ধ থাকলেও ছাঙ্গু আর জুলুকের টানে পর্যটকদের ভিড় কিন্তু কমছে না। এখন দেখার, বরফের চাদর সরিয়ে নাথুলা কবে ফের পর্যটকদের স্বাগত জানায়।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement