সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৭টি ম্যাচে ১৬টি উইকেট। রঞ্জি ট্রফিতে ৭ ম্যাচে ৩৭টি উইকেট। বিজয় হাজারে ট্রফিতে ৭ ম্যাচে ১৫টি উইকেট। হ্যাঁ, তারপরেও ভারতীয় টিমে জায়গা হল না মহম্মদ শামির। প্রশ্ন উঠছে, শামির আন্তর্জাতিক কেরিয়ার ইতি?
মঙ্গলবার আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের দল ঘোষণা করেছে বিসিসিআই। ভারতীয় দলের স্কোয়াডে নামই নেই শামির। কেন শামিকে ছাঁটা হল, তার আশ্চর্য উত্তরও দিচ্ছেন প্রধান নির্বাচক অজিত আগরকার।
আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে শামির জায়গা না হওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে। ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফর্ম্যান্সের পরেও কেন শামিকে নেওয়া হল না, সেই প্রশ্ন উঠছে।
প্রধান নির্বাচক অজিত আগরকারের বক্তব্য, শামি এখন লং ফর্ম্যাট ক্রিকেটের জন্য পুরোপুরি তৈরি নন। তাঁর কথায়, 'মেডিক্যাল টিম জানিয়েছে, লং ফর্ম্যাট ক্রিকেটের জন্য শামি এখনও পুরোপুরি তৈরি নন। এখন মহম্মদ শামি কেবল T20 ক্রিকেট খেলার পরিস্থিতিতে রয়েছেন।'
মহম্মদ শামিকে নিয়ে আগরকারের মন্তব্য, 'না, শামিকে টেস্ট দলে রাখা নিয়ে কোনও আলোচনা হয়নি। আমাদের যা জানানো হয়েছে, এই মুহূর্তে শামি শারীরিক ভাবে পাঁচ দিনের ম্যাচ খেলার মতো জায়গায় নেই। জানি, শামি প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছে। তবে আমাদের যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, শামি এখন শুধু টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলার মতো জায়গায় রয়েছে। তাই ওকে নিয়ে কোনও আলোচনা হয়নি।'
মহম্মদ শামি বহুদিন ধরেই ফিটনেস সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। ভারতের হয়ে শামি শেষবার টেস্ট খেলেছিলেন ২০২৩ সালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে। তারপর চোটের জন্য প্রায় একবছর মাঠের বাইরে ছিলেন।
পরে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলেন। ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম্যান্সের জেরে শামি আশা করেছিলেন, ভারতীয় দলে এবার সুযোগ হয়ে যাবে। কিন্তু এখনও তাঁর ফিটনেসকেই ইস্যু হিসেবে দলে জায়গা দেওয়া হল না।
২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে জায়গা হয়েছিল শামির। তারপর ফের টিম থেকে ছিটকে যান। বর্তমানে আইপিএল-এ লখনউ সুপার জায়ান্টসে খেলছেন। এ বছরের আইপিএল-এ শামি ১২টি ম্যাচে ১০টি উইকেট নিয়েছেন।
আফগানিস্তান সিরিজে ভারতের ওয়ানডে টিমের স্কোয়াডে রয়েছেন, শুভমন গিল (অধিনায়ক), শ্রেয়স আইয়ার (সহ অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পাণ্ডিয়া, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, হর্ষ দুবে, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, প্রিন্স যাদব, গুরনুর ব্রার।
টেস্ট স্কোয়াডে যাঁরা থাকছেন, তাঁরা হলেন, শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল (সহ অধিনায়ক), সাই সুদর্শন, ঋষভ পন্ত, দেবদত্ত পাড়িক্কল, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, মানব সুথার, গুরনুর ব্রার, হর্ষ দুবে, ধ্রুব জুরেল।