চেন্নাই সুপার কিংস (CSK)-কে এবার মহেন্দ্র সিং ধোনি ইস্যুতে বেনজির নিশানা করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত।
তাঁর অভিযোগ, গোটা IPL মরশুম জুড়ে ধোনির ফিটনেস নিয়ে সমর্থকদের কার্যত ভুল বোঝানো হয়েছে। শুধু ফ্র্যাঞ্চাইজিই নয়, অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড ও কোচ স্টিফেন ফ্লেমিংয়ের ভূমিকাও প্রশ্নের মুখে তুলেছেন শ্রীকান্ত।
চেন্নাইয়ের হয়ে একটি ম্যাচেও মাঠে দেখা যায়নি ধোনিকে। কিন্তু ধোনিকে দেখতেই CSK-র ম্যাচে ভিড় হয়েছে। কিন্তু প্রতিবারই হাতাশা নিয়ে ফিরতে হয়েছে ধোনি ভক্তদের।
সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং 'MS Dhoni Scam'। সমর্থকদের ক্ষোভ, ধোনিকে সামনে রেখেই গোটা সিজন টিকিট বিক্রি করাল চেন্নাই সুপার কিংস। অথচ ধোনি একটি ম্যাচেও মাঠে নামেননি। সমর্থকদের এই ক্ষোভ নিয়ে শ্রীকান্তের বক্তব্য, মরশুম জুড়ে ধোনির শারীরিক অবস্থা নিয়ে স্পষ্ট তথ্য না দিয়ে বারবার বিভ্রান্তিকর বার্তা দেওয়া হয়েছে।
তাঁর কথায়, 'ধোনি আদৌ পুরোপুরি ফিট ছিলেন কি না, তা নিয়ে শুরু থেকেই সংশয় ছিল। অথচ দল এবং টিম ম্যানেজমেন্ট এমন একটা ভাবমূর্তি তৈরি করেছিল যেন সব কিছু নিয়ন্ত্রণে রয়েছে।'
প্রাক্তন IPL ক্রিকেটার অনিরুদ্ধ শ্রীকান্তের শো-তেই প্রথম সামনে আসে এই বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় CSK সমর্থকদের ক্ষোভ এবং বিভ্রান্তির প্রসঙ্গ তুলে তিনি তাঁর বাবা, প্রাক্তন ভারত অধিনায়ক ও নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্তের মতামত জানতে চান। আর সেখানেই বিস্ফোরক মন্তব্য করেন শ্রীকান্ত।
শ্রীকান্ত বলেন, Chennai Super Kings সমর্থকদের বিভ্রান্ত করা বন্ধ করা উচিত। মরশুম শুরুর আগেই দল জানত, ধোনির চোট গুরুতর এবং তিনি পুরো মরশুম খেলতে পারবেন না। তবুও ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট বার্তা, প্র্যাকটিসের ভিডিও এবং ধোঁয়াশা তৈরি করে সমর্থকদের আবেগকে ব্যবহার করা হয়েছে।
চেন্নাই সুপার কিংসের গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৮৯ রানে হারের একদিন পরেই ধোনি ইস্যুতে বিস্ফোরক দাবি করেন শ্রীকান্ত। সেই হারের ফলে প্লে-অফের দৌড় থেকেও ছিটকে যায় CSK।
ধোনির ভবিষ্যত্ নিয়ে চেন্নাইয়ের ক্যাপ্টেন ঋতুরাজ বলেন, 'এই প্রশ্নের উত্তর আপনারা আগামী মরশুমেই পাবেন। আমার কাছেও বিষয়টা আগামী বছরই পরিষ্কার হবে। আমাদের জন্যও ব্যাপারটা খুব কঠিন ছিল।'
তিনি আরও বলেন, 'আমরাও ধোনির অভাব অনুভব করেছি। ধোনি এমন একজন ক্রিকেটার, যে খেললে প্রতিপক্ষ দল চাপে থাকে। বিশেষ করে ইনিংসের শেষের ওভারগুলোয়। একাই ম্যাচের রং বদলে দিতে পারেন। ক্রিজে থাকলে খেলার আঙ্গিকই বদলে যায়। মাহি ভাইয়ের অভাব আমরা এ বার খুবই অনুভব করেছি।'
পায়ের পেশির চোটের জন্য আইপিএলের প্রথম দু’সপ্তাহ খেলতে পারেননি ধোনি। পরে চোট সারিয়ে প্র্যাক্টিস শুরু করলেও তাঁকে একটি ম্যাচেও খেলানো হয়নি।