আন্তর্জাতিক কেরিয়ারে বিদায়বেলায় উপস্থিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? সম্প্রতি পর্তুগালের জাতীয় দলের শিবির থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন CR7। পর্তুগাল দলকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন।
পর্তুগালের অধিনায়ক সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'আমাদের টিমের কোচ ও পর্তুগিজ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পেড্রো প্রোয়েনার সঙ্গে আলোচনার পরেই জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'
তা হলে কি খুব শীঘ্রই রোনাল্ডো অবসর নিচ্ছেন? সেই বিষয়ে স্পষ্ট কিছু জানাননি রোনাল্ডো। তবে তিনি লিখছেন, 'পর্তুগাল টিমের প্র্যাক্টিস শিবির থেকে সরে দাঁড়ানোর নেপথ্যে সত্যিটা শীঘ্রই জানাবো। পর্তুগাল দলকে ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা ও আমার সব সতীর্থকে অনেক ভালোবাসা।'
রোনাল্ডোর এই পোস্ট যে আঙ্গিকে লেখা, তাতে আন্তর্জাতিক ফুটবল কেরিয়ার থেকে অবসর নেওয়ার ইঙ্গিত মিলছে। কোপেনহাগেনে পর্তুগাল টিমের প্র্যাক্টিস ক্যাম্প থেকে বেরিয়ে গিয়েছেন রোনাল্ডো। ন্যাশনাল লিগে ডেনমার্কের বিরুদ্ধে ম্যাচের আগেই রোনাল্ডো এই সিদ্ধান্ত নিলেন।
রোনাল্ডোর এখন ৪১ বছর বয়স। বিশ্বফুটবলের আরেক তারকা লিওনেল মেসি ইতিমধ্যেই আন্তর্জাতিক কেরিয়ারে অবসর ঘোষণা করে দিয়েছেন। তাঁর ফেয়ারওয়েল ম্যাচের মেগা প্রস্তুতি চলছে আর্জেন্টিনায়। রোনাল্ডো বয়সে মেসির চেয়ে বড়। তবে এখনও অবসর ঘোষণা করেননি।
এখন প্রশ্ন উঠছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কি তাহলে জোর করেই অবসর নিতে বাধ্য করা হচ্ছে? কারণ ট্রেনিং ক্যাম্পে গিয়েও হঠাত্ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নানা জল্পনা উস্কে দিচ্ছে। গত রবিবার নরওয়ের বিরুদ্ধে ম্যাচে পর্তুগাল ২-১ গোলে জিতেছে। ওই ম্যাচেই রোনাল্ডোকে বেঞ্চেই বসিয়ে রাখা হয়েছিল।
পর্তুগালের কোচ জর্জ জেসাসের বক্তব্য, তাঁর ও রোনাল্ডোর মধ্যে কিছু হয়নি। তাঁদের দু’জনের মধ্যে বড় কোনও সমস্যা নেই।
বুধবারের সাংবাদিক বৈঠকে পর্তুগালের কোচ জানান, রোনাল্ডো দলের সঙ্গে অনুশীলন করবেন। পাশাপাশি তিনি স্পষ্ট করে দেন, ডেনমার্কের বিরুদ্ধে রোনাল্ডো খেলবেন কি না, সেই সিদ্ধান্ত তিনিই নেবেন।
জেসাস বলেন, 'আমি কোচ। আমি খেলোয়াড়কে জানিয়েছি, এই ম্যাচে সে প্রথম একাদশে থাকবে না। তাকে পরিবর্ত খেলোয়াড় হিসেবে বেঞ্চে থাকতে হবে।'
কোচের প্রেস কনফারেন্স শেষ হতেই রোনাল্ডো ট্রেনিং ক্যাম্প ছেড়ে চলে যান। পর্তুগালের সবচেয়ে বেশি ফুটবল ম্যাচ খেলা প্লেয়ারের নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২৩৪টি আন্তর্জাতিক ম্যাচে ১৪৬টি গোল করেছেন। দু দশকেরও বেশি সময় ধরে তিনি পর্তুগাল টিমে খেলছেন।