Advertisement

খেলা

Cristiano Ronaldo: 'আই অ্যাম ব্যাক,' রোনাল্ডোর সেই মুহূর্ত VIRAL, CR7 এখনও কত 'ধুরন্ধর'? এই ছবিগুলিই প্রমাণ

Aajtak Bangla
Aajtak Bangla
  • হিউস্টন,
  • 24 Jun 2026,
  • Updated 9:38 AM IST
  • 1/13

'আই অ্যাম ব্যাক, আই অ্যাম ব্যাক'। পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচের সবচেয়ে ভাইরাল মুহূর্ত। FIFA World Dup 2026-এ উজবেকিস্তানকে ৫-০ গোলে হারিয়েছে পর্তুগাল। আসলে সেটা বড় কথা নয়। পর্তুগালের বড় জয়ের উত্‍সবকে ছাপিয়ে গেল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কামব্যাক। অথবা বলা যায়, জয়ের উত্‍সবটাই রোনাল্ডো-ময়।
 

  • 2/13

গত দুই দশক ধরে রোনাল্ডোর কেরিয়ার যদি খেয়াল করে থাকেন, তাঁদের কাছে দৃশ্যটা মোটেও নতুন নয়। পর্তুগালের ডিআর কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক ১-১ ড্রয়ের পর আবারও সমালোচনার ঝড় উঠেছিল। প্রশ্ন উঠেছিল তাঁর বয়স নিয়ে, দলে তাঁর প্রয়োজনীয়তা নিয়ে, এমনকী রবার্তো মার্টিনেজ কি শুধুমাত্র আবেগের বশে ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ৭ নম্বর জার্সিধারীকে খেলিয়ে যাচ্ছেন না কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছিল।
 

  • 3/13

কিন্তু মাত্র চার দিনের মধ্যেই রোনাল্ডো সেই সব প্রশ্নের জবাব দিলেন মাঠেই। জোড়া গোল করলেন, নিজের ঝুলিতে যোগ করলেন আরও একটি বিশ্বকাপের রেকর্ড, আর ফের প্রমাণ করলেন, সন্দেহ ও সমালোচনাই সম্ভবত পেশাদার ক্রীড়াজগতের সবচেয়ে শক্তিশালী প্রেরণার উৎস।

  • 4/13

রোনাল্ডোর কেরিয়ারে এমন ঘটনা নতুন নয়। যতবার তাঁকে নিয়ে প্রশ্ন উঠেছে, ততবারই তিনি মাঠে নেমে নিজের পারফর্ম্যান্স দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করেছেন। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্রয়ের পরও অনেকে ভেবেছিলেন, হয়তো সময় এসে গেছে তাঁর বিদায়ের কথা ভাবার। কিন্তু পরবর্তী ম্যাচে তাঁর জোড়া গোল যেন সেই সব জল্পনাকে মুহূর্তে উড়িয়ে দিল।
 

  • 5/13

কার্লো আনসেলোত্তি একবার ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে নিয়ে এমন একটি মন্তব্য করেছিলেন, যা হয়তো তাঁর মানসিকতার সবচেয়ে নিখুঁত ব্যাখ্যা। আনসেলোত্তির কথায়, 'ক্রিস্টিয়ানো রোনাল্ডোর চেয়েও বিপজ্জনক একমাত্র ব্যক্তি হল সেই ক্রিস্টিয়ানো রোনাল্ডো, যিনি আগের ম্যাচে গোল করতে পারেননি।'
 

  • 6/13

রোনাল্ডো তাঁর কেরিয়ারের ৯৭৫টির বেশি গোল করে ফেলেছেন, তার মধ্যে ১৪৭টি আন্তর্জাতিক গোল। রোনাল্ডো যতদিন ধরে খেলছেন, তাঁর জেনারেশনের প্রায় সবাই অবসরে চলে গিয়েছেন। ৪১ বছর বয়সের দোরগোড়ায় এখনও CR7-কে নিয়ে জোর চর্চা চলে।

  • 7/13

ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র দেখে বিশ্বে অনেকে বলতে শুরু করে দেয়, রোনাল্ডো শেষ। বয়স হয়ে গিয়েছে। আসলে রোডাল্ডো এই সব সমালোচনা আজ নতুন শুনছেন না। অতীতেও তাঁকে ঘিরে একই চর্চা হয়েছে। যখনই তাঁর পারফর্ম্যান্স খারাপ হয়, বয়স নিয়ে প্রশ্ন ওঠে। কয়েকদিনের মধ্যেই তিনি যোগ্য জবাবও দিয়ে দেন।

  • 8/13

উজবেকিস্তানের বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রথম গোলটির মধ্যে ছিল এক অদ্ভুত পরিহাস। কারণ মাত্র কয়েক দিন আগেই ডিআর কঙ্গোর বিরুদ্ধে পর্তুগালের ১-১ ড্রয়ের পর তাঁকে নিয়ে কড়া সমালোচনা করেছিলেন থিয়েরি অঁরি।
 

  • 9/13

সেই ম্যাচের একটি আক্রমণাত্মক মুহূর্ত বিশ্লেষণ করতে গিয়ে অঁরি দেখিয়েছিলেন, ফ্রান্সিসকো কনসেইসাও বক্সের দিকে এগোচ্ছিলেন, ব্রুনো ফার্নান্ডেজও সুবিধাজনক জায়গায় পৌঁছে গিয়েছিলেন, কিন্তু রোনাল্ডো ভুল দিকে দৌড়চ্ছিলেন। 
 

  • 10/13

অঁরির মন্তব্য ছিল, 'দলের গোল দরকার, তোমার ব্যক্তিগত গোল নয়।' তাঁর সমালোচনার মূল কথা ছিল না যে রোনাল্ডো স্বার্থপর। বরং তিনি বলতে চেয়েছিলেন, ওই পরিস্থিতিতে রোনাল্ডোর কাজ ছিল প্রতিপক্ষের ডিফেন্ডারদের টেনে অন্যত্র সরিয়ে দেওয়া, যাতে সতীর্থদের জন্য জায়গা তৈরি হয়। নিজে একই জায়গায় ঢুকে পড়া নয়।
 

  • 11/13

কিন্তু উজবেকিস্তানের বিরুদ্ধে ম্যাচের মাত্র ছয় মিনিটের মাথায় রোনাল্ডো যেন অঁরির সেই বক্তব্যেরই নিখুঁত জবাব দিলেন। ফুটবল সব সময় এমন নাটকীয় প্রত্যাবর্তনের সুযোগ দেয় না। কিন্তু এই ক্ষেত্রে সমালোচনার মাত্র কয়েক দিনের মধ্যেই সেই উত্তর এসে গেল মাঠে। এ
 

  • 12/13

এই গোলই ম্যাচে পর্তুগালকে স্বস্তি দেয়, রোনাল্ডোকেও আত্মবিশ্বাস ফিরিয়ে দেয়। এরপর নুনো মেন্দেস একটি চমৎকার ফ্রি-কিক থেকে ব্যবধান বাড়ান। পরে ব্রুনো ফার্নান্ডেজের অসাধারণ পাস থেকে নিজের দ্বিতীয় গোলটিও করেন রোনাল্ডো।
 

  • 13/13

শেষ বাঁশি বাজার সময় স্কোরবোর্ডে পর্তুগালের পাঁচ গোল। রোনাল্ডোর ঝুলিতে দুটি। চাইলে হ্যাটট্রিকও হতে পারত। ব্রুনো ফার্নান্ডেজ বারবার তাঁকে খুঁজে বের করার চেষ্টা করছিলেন। বদলি হিসেবে নামার পর বার্নার্দো সিলভাও সেই চেষ্টায় যোগ দেন। মনে হচ্ছিল, পর্তুগালের ফুটবলাররা নিজেদের অধিনায়ককে হ্যাটট্রিক উপহার দিতেই বদ্ধপরিকর। যদিও শেষ পর্যন্ত তা হয়নি।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement