গত প্রায় দেড় বছর ধরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে জল্পনার অন্ত ছিল না। কে কাজ করবেন সৌরভের চরিত্রে, তা যেমন কৌতূহলের বিষয় ছিল, তেমনই কোথায় কীভাবে শ্যুট হবে, কী কী থাকবে কাহিনীতে সেটা নিয়েও আলোচনা চলেছে নানা মহলে।
বুধবার সেই সব জল্পনার অবসান ঘটিয়ে শুরু হয়ে গেল শ্যুটিং। প্রথম দিনেই উপস্থিত ছিলেন স্বয়ং সৌরভ। তাঁর চরিত্রে অভিনয় করা রাজকুমার রাও-এর লুকও সামনে এল।
খুব বেশি ছবি দেখা না গেলেও, যে কয়েকটি ছবি বা ভিডিও দেখা গিয়েছে, তা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছাতা দিয়ে মুখ ঢেকে এরিয়ান ক্লাবে ঢুকে পড়েন রাজকুমার। সেখানে বেশ কিছুটা সময় চলে শ্যুটিং।
লর্ডসের মাঠে জামা ওড়ানো থেকে শুরু করে অফ-সাইডের ভগবান হয়ে ওঠার নেপথ্যে যে কঠিন লড়াই, তারই প্রথম পর্বের শুটিংয়ের সাক্ষী থাকল কলকাতা।
মূলত সৌরভের জীবনের একদম শুরুর দিনগুলো ক্যামেরাবন্দি করা হচ্ছে। সূত্রের খবর, রাজকুমার রাও এই চরিত্রের জন্য গত কয়েক মাস ধরে বাঁ-হাতে ব্যাটিং করার বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন, কারণ ডানহাতি রাজকুমারের কাছে পর্দার ‘God of Off-side’ হয়ে ওঠাটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
ইস্টবেঙ্গল ক্লাবের মাঠ থেকে শুরু হওয়া এই সফর আগামী দিনে বড় পর্দায় লর্ডস থেকে ওয়াণ্ডারার্সের স্মৃতি কী ভাবে ফিরিয়ে আনে, সেই অপেক্ষাতেই রয়েছেন দর্শক।
সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও শুটিংয়ের অগ্রগতির উপর কড়া নজর রাখছেন। চিত্রনাট্য থেকে শুরু করে ক্রিকেটিং শট সব কিছুতেই তাঁর নিজস্ব ইনপুট রয়েছে বলে খবর।